August 3, 2026, 3:29 pm
সাম্প্রতিককালে দেশে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের অভিযোগ তুলছেন গ্রাহকরা। ঢাকার বাইরে অনেক জেলায় দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এমনকি গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।
অনেকেই দাবি করছেন, আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও কোনো কোনো ক্ষেত্রে বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে।
এমনকি কয়েকজন গ্রাহক স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বিল পাওয়ার অভিযোগও করেছেন। এর প্রতিবাদে ঢাবিতে হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জাতীয় ছাত্রশক্তি এ বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নাগরিকজীবনে সমস্যা সমাধান তো দূরে, তা দিন দিন বেড়েই চলছে। সারাদেশে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। জুন-জুলাই মাসের বিদ্যুৎ বিল দ্বিগুণের বেশি এসেছে। দ্বিগুণের চেয়েও কীভাবে বিল হয়, কোনোভাবেই এটি হিসাব করা সম্ভব না।
জনগণের টাকায় ডাকাতি করা হচ্ছে উল্লেখ করে তারা অভিযোগ করেন, পাম্পসমূহে গ্যাস নাই, আবার মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার। সমস্যা সমাধানের পথে না হেঁটে জনদুর্ভোগ বাড়ছে।
বক্তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার ওপরে লোডশেডিং হচ্ছে। তার পাশাপাশি দুই-তিনগুণ হারে বাড়ছে। বিদ্যুতের কোনো ব্যবহার না থাকলেও লাগামহীনভাবে বিল এসেছে।
একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগও তুলেন বক্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তারা বলেন, বলেছিলেন নির্বাচিত সরকার আসলে জনগণের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা বলেছিলেন, জনগণ তার অধিকার ফিরে পাবে, দ্রব্যমূল্য সহনশীল থাকবে।
কিন্তু বিদ্যুৎ ১ ঘণ্টা থাকলে ২ ঘণ্টা লোডশেডিং হয় বলেও দাবি করেন বক্তারা। জনগণের কল্যাণে প্রকৃত পদক্ষেপ নিতে বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান তারা।
Leave a Reply