May 30, 2026, 6:48 am

শিরোনাম :
বিশ্বকাপের অনুশীলন ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে ইরান

বিশ্বকাপের অনুশীলন ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে ইরান

নিউজ ডেস্ক ; বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসন থেকে ইরানের বিশ্বকাপ অনুশীলন ঘাঁটি সরানোর আবেদন অনুমোদন দিয়েছে। আর এই অনুমোদন পেয়ে ইরান তাদের বিশ্বকাপ ঘাঁটি মেক্সিকোতে স্থানান্তর করছে বলে শনিবার দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান জানিয়েছেন।

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, টুর্নামেন্ট চলাকালে ইরান দল এখন মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী শহর টিহুয়ানায় অবস্থান করবে।

তাজ বলেন, “সৌভাগ্যক্রমে ফিফা কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে দেশ পরিবর্তনের আবেদন ফিফা অনুমোদন করেছে।”

তিনি আরও বলেন, “তাই আমরা এখন প্রশান্ত মহাসাগরের কাছাকাছি টিহুয়ানায় থাকব। এটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মাঝামাঝি একটি শহর, তবে এটি মেক্সিকোর অংশ। আমরা ইতোমধ্যেই সেখানে দলের প্রস্তুতি সম্পন্ন করেছি।”

তাজ জানান, এই পরিবর্তনের ফলে ভিসাজনিত জটিলতা এড়ানো যাবে এবং দল সরাসরি ইরান এয়ারের ফ্লাইটে মেক্সিকো যেতে পারবে।

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ কয়েক মাস ধরেই অনিশ্চয়তার মধ্যে ছিল। কারণ টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক হামলা শুরু করে, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধে রূপ নেয়।

গ্রুপ পর্বে ইরানের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন তারা নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে।
তাজ বলেন, টিহুয়ানা ইরানের ম্যাচ ভেন্যুগুলোর তুলনায় অ্যারিজোনার ক্যাম্পের চেয়ে কাছাকাছি।

ফেডারেশন সভাপতি বলেন, “লস অ্যাঞ্জেলেসে আমাদের যে দুটি ম্যাচ রয়েছে, সেখানে যেতে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইট লাগবে। যা টুসনের তুলনায় অনেক কম।”

ইরানের ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মেহদি মোহাম্মদ নবি মঙ্গলবার বলেন, দলের সব খেলোয়াড় ও কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি না তা নিয়ে ফেডারেশন নিশ্চিত নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337