August 3, 2026, 4:20 pm
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদ জামিন সম্প্রতি জামিন পেয়েছেন। গত ২৭ জুলাই জামিন মঞ্জুর হওয়ার পর ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান বলে জানা গেছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সক্রিয় রয়েছে। আরব আমিরাত ত্যাগের নির্দেশনা থাকলেও সাবেক এ আইজিপির কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ মন্ত্রীর।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমি গতকাল জানতে পেরেছি যে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। যেন সংযুক্ত আরব আমিরাত ছাড়তে না পারে। আমরা বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে দেশটিতে নিয়োজিত ল ফার্মকে জানিয়েছি।
মন্ত্রী বলেন, আর ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে সচিব কথা বলেছেন। কী কী শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, সেটার সার্টিফাইড কপি তোলার জন্য অনুরোধ করেছি। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ সরকারের ল ফার্মকে বেনজীর আহমেদের জামিন বাতিলে আদালতে পিটিশন দায়ের করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সন্দেহ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তার কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। বেনজীরকে ফেরাতে কূটনৈতিক কোনো প্রচেষ্টা রয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় তো চলছে। কিন্তু ওইখানে আদালতে যাওয়ার অধিকার হয়তো তার আছে। কূটনৈতিক প্রক্রিয়ায় আমরা ফেরত আনার চেষ্টা করছি।
৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।
তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিশেষ করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে সতর্ক থাকার জন্য সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ধরনের উগ্রবাদী তৎপরতা মনিটর করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Leave a Reply