July 15, 2026, 7:25 am

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

Oplus_131072

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে সরকার জনগণের রায় মানে না, সে সরকার জনগণের সরকার হতে পারে না। শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ফাঁসির মঞ্চকে যারা জীবনের চেয়েও তুচ্ছ মনে করে রাজপথে নেমেছে, তাদের জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

তিনি বলেন, জনগণ যখন দেখবে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি এবং আপনার সরকার আন্তরিক তখন বাহবা দেবে। আর যখন দেখবে ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করছেন, তখন জনগণ বসে বসে আঙুল চুষবে না। যে সরকার জনগণের রায় মানে না, সে সরকার জনগণের সরকার হতে পারে না।

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, মাদক আর সিগারেটের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে মিছিল করেছে। এগুলো মিথ্যা, ভুয়া। প্রধানমন্ত্রীর মুখ থেকে অনবরত ভুল বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্থ হবে।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনবরত ভুল বা বিভ্রান্তিকর বক্তব্য এলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলে মন্তব্য করেন জামায়াত আমির।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নাম উল্লেখ না করে তার সমালোচনা করে জামায়াত আমির বলেন, বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন সর্বমন্ত্রীও আপনারা পেয়েছেন। এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়। এমনকি প্রধানমন্ত্রীর কথাও তাকে বলতে হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃক্সখলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ ডাকা হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য শাহজাহান চৌধুরী শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই লালদীঘি ময়দানে ব্যাপক জনসমাগম হয়। বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

এতে আরো বক্তব্য রাখেন, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম, এনসিপি র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির মূখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা র সহ সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বিডিপি র চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয় ও জেলা মহানগরীর নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337
error: Content is protected !!