May 30, 2026, 9:25 am

শিরোনাম :
দুই হাতে ভর করে এভারেস্ট জয়, ইতিহাস গড়লেন সাবেক রুশ সেনা

দুই হাতে ভর করে এভারেস্ট জয়, ইতিহাস গড়লেন সাবেক রুশ সেনা

মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে যেকোনো বাঁধাই তুচ্ছ, তা আরও একবার প্রমাণ করলেন রাশিয়ার সাবেক সেনাসদস্য রুস্তম নাবিইয়েভ। কৃত্রিম পায়ের সাহায্য ছাড়াই, কেবল নিজের দুই হাতের জোরে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে অনন্য ইতিহাস গড়েছেন তিনি। চিকিৎসা বিজ্ঞান ও পর্বতারোহণের ইতিহাসে দুই পা হারানো কোনো মানুষের এভাবে এভারেস্ট চূড়ায় পৌঁছানোর ঘটনা এটিই প্রথম।

নেপালের চলমান বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে গত বুধবার (২০ মে) কাঠমান্ডু সময় সকাল ৮টা ১৬ মিনিটে এভারেস্টের চূড়ায় পা রাখেন রুস্তম। এভারেস্ট বেস ক্যাম্পের ফিল্ড অফিস কোঅর্ডিনেটর খিম লাল গৌতম এই ঐতিহাসিক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রুস্তম সফলভাবে চূড়ায় আরোহণ করেছেন এবং বর্তমানে তিনি নিরাপদে বেস ক্যাম্পে নেমে আসছেন।

এভারেস্ট জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন রুস্তম নাবিইয়েভ। সেখানে পর্বতচূড়ায় নিজের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, যারা ভেবেছিলেন পতনের পর জীবন শেষ হয়ে যায়, তাদের জন্য রুস্তম নাবিইয়েভের এই এভারেস্ট জয়। মানব ইতিহাস ও পর্বতারোহণের ইতিহাসে এই প্রথম শুধু হাতের ওপর ভর করে কেউ এভারেস্টে পৌঁছাল। নিজের এই অভাবনীয় অর্জনকে বিশ্বজুড়ে থাকা তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে উৎসর্গ করে রুস্তম আরও বলেন, শরীরে যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ লড়াই করে যান। শেষ পর্যন্ত লড়াই করুন, কারণ জীবন সত্যিই সুন্দর।

অভিযানের এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন রুস্তম। বিশ্বজুড়ে লাখো মানুষ তাঁর এই অদম্য মানসিকতা ও সাহসিকতাকে স্যালুট জানাচ্ছেন। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, রুস্তম প্রমাণ করেছেন যে মানুষের ভেতরের ইচ্ছাশক্তিই আসল শক্তি এবং পৃথিবীতে অসম্ভব বলে আসলে কিছুই নেই।

২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে পড়ার দুর্ঘটনায় দুই পা হারান তৎকালীন প্যারাট্রুপার রুস্তম নাবিইয়েভ। তবে পা হারিয়ে জীবনের গতি থামিয়ে দেননি তিনি। নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে গত কয়েক বছর ধরে নিজেকে যুক্ত করেন পর্বতারোহণের মতো কঠিন ও রোমাঞ্চকর কাজে। অবশেষে সব বাধা পেরিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় নিজের হাতের ছাপ রেখে ইতিহাসের পাতায় চিরদিনের জন্য নাম লিখিয়ে নিলেন এই অকুতোভয় বীর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337