May 30, 2026, 8:15 am
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ সোনালি চুলের বাহার আর চলন-বলন নিয়ে বিশ্বজুড়ে আলোচনার শেষ নেই। কিন্তু এবার সেই ট্রাম্পের নামেই রীতিমতো কাঁপছে কোরবানির পশুর হাট! তবে তিনি কোনো মানুষ নন, চার বছর বয়সী এক রাজকীয় অ্যালবিনো মহিষ!
নারায়ণগঞ্জের এক খামারে বড় হওয়া প্রায় দেড় হাজার পাউন্ড ওজনের এই ধবল মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আর এই এক নামেই কপাল খুলে গেছে তার, রাতারাতি সে বনে গেছে আন্তর্জাতিক তারকা।
যেমন নাম, তেমনই তার রূপের বাহার! মাথার ওপর সোনালি চুলের নিখুঁত ঝুঁটি আর ধবধবে সাদা চামড়ার এই মহিষটিকে দেখতে জিয়া উদ্দিন মৃধার খামারে এখন প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো উৎসুক জনতা। কেবল দেশের মাটিতেই নয়, এই ‘ডোনাল্ড ট্রাম্পের’ সুখ্যাতি এখন ইউরোপ থেকে এশিয়া; সবখানের গণমাধ্যমে ঝড় তুলেছে।
ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাম’ থেকে শুরু করে ফ্রান্সের জনপ্রিয় টেলিভিশন ‘টিএফওয়ান’, এমনকি ভারতের ‘এনডিটিভি’, পাকিস্তানের ‘ডন’ কিংবা থাইল্যান্ডের ‘ব্যাংকক পোস্ট’; সবাই মেতেছে বাংলাদেশের এই ট্রাম্প-বন্দনায়। ফরাসি গণমাধ্যম এএফপির একটি শর্টস ভিডিও তো ইন্টারনেটে কোটি মানুষের নজর কেড়েছে, যেখানে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের চুলের স্টাইল ঠিক রাখতে প্রতিদিন চিরুনি দিয়ে মহিষটির চুল আঁচড়ে দেওয়া হচ্ছে পরম যত্নে!
১০ মাস আগে রাজশাহীর এক হাট থেকে কিনে আনা এই মহিষটিকে পরম মমতায় লালন-পালন করেছেন খামারি জিয়া। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি, ট্রাম্পকে ঘিরে চলছে লাখ লাখ টাকার দরদাম। তবে বিশাল দেহের এই তারকাকে হাটে তুলতে যেমন রোমাঞ্চ কাজ করছে, তেমনই এক বুক চাপা কষ্টও লুকিয়ে আছে খামারির মনে।
জিয়া উদ্দিন নিজেই জানিয়েছেন, কোরবানি হয়ে যাওয়ার পর এই ট্রাম্পকে তিনি বড্ড মিস করবেন। ডোনাল্ড ট্রাম্পের এই রাজকীয় বিদায় আর বিশ্বজুড়ে তার এমন আলোড়ন তোলার গল্প আসলেই এক বিরল ঘটনা।
Leave a Reply